বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নামে প্রস্তাব না পাঠানোয় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর করেছেন এক বিএনপি নেতা। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পণ্ডিতের হাটে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই প্রধান শিক্ষকের নাম এ এন এন ইয়াছিন। তিনি পশ্চিম চরকাঁকড়া পণ্ডিতের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর খবর পেয়ে বিদ্যালয়ের ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পণ্ডিতের হাটে সড়ক অবরোধ করে। পরে অভিযুক্ত বিএনপি নেতা থানা-পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর শিক্ষার্থীরা শান্ত হয় এবং তারা বিদ্যালয়ে ফিরে যায়।
অভিযুক্ত বিএনপি নেতার নাম মো. রেজাউল হক। তিনি চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এ ছাড়া তিনি পণ্ডিতের হাটের একটি ওষুধের দোকানের মালিক এবং পল্লিচিকিৎসক হিসেবে পরিচিত।
হামলার শিকার প্রধান শিক্ষক এ এন এন ইয়াছিন প্রথম আলোকে বলেন, তাঁর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ছিল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের নির্দেশে কমিটি বিলুপ্ত হয়ে যায়। পরবর্তী সময়ে শিক্ষা বোর্ড থেকে নির্দেশ আসে ছয় মাসের জন্য তিন সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের। এ জন্য তিনজনের এক
